জোসেফ ফাসানো’র কবিতা: অবরুদ্ধ এক শিশুর কানে ফিসফিসিয়ে বলা কথা

[জোসেফ ফাসানো: যুক্তরাষ্ট্রের কবি, ঔপন্যাসিক, গীতিকার এবং ম্যানহাটনভিল বিশ্ববিদ্যালয় ও কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ — Fugue for Other Hands, Vincent, The Crossing ও The Last Song of the World এবং উপন্যাস The Dark Heart of Every Wild Thing ও The Swallows of Lunetto। এছাড়া তাঁর নির্দেশিকাগ্রন্থ The Magic Words: Simple Poetry Prompts that Unlock the Creativity in Everyone বিশ্বব্যাপী পাঠকপ্রিয়তা পেয়েছে। এটা তাঁর Words Whispered to a Child Under Siege  কবিতার অনুবাদ –শীর্ষেন্দু নন্দী ]

 

অনুবাদ: শীর্ষেন্দু নন্দী

আগুনের রাতে সোনাইকে ফিসফিসিয়ে যা বলেছিলাম
না রে বাপ, আমরা মরব না।
এই সব জানালায় ধাক্কা মারা,
ছাদের চুনকাম খসিয়ে ফেলা
যে আওয়াজগুলো—
ধর, তুই শুনছিস না।
এটা একটা খেলা — দুনিয়াটা আমাদের সাথে খেলছে, বুঝলি?
আমাদের কাজ শুধু একটাই —
যতক্ষণ পারি এই অন্ধকারে কোল ঘেঁষে চুপটি করে বসে থাকা,
আর নিজেদের বুকের ধুকপুকুনি গুনে যাওয়া।
হাঁ, একদম ওইভাবে, সোনা।
তুই তোর পুঁচকে হাতটা রাখ আমার বুকে,
আমি আমারটা রাখি তোর বুকে।
আমাদের মধ্যে জিতবে সে-ই,
খেলাটা যতক্ষণ চলছে, ততক্ষণ যে এটাকে সবচে বেশি ভালোবেসে আঁকড়ে ধরে রাখবে।
ঠিক আছে?
হ্যাঁ রে বাপ, খেলাটা আরও কিছুক্ষণ চলবে।
হাত না রেখে তুই তোর কানটাও রাখতে পারিস, এই নে।
আমার বুকের ওপর রাখ।
আমার বুকটা এত জোরে লাফাচ্ছে — কেন?
তোর জন্য রে বাপ, তোর জন্য।
আর কিচ্ছু না।
তুই যে আমার কোলে আসবি,
সবসময় আমি তাই-ই চেয়েছি,
এমনকি এই পৃথিবীও চেয়েছিল।
না রে সোনাই,
ওগুলো আমাদের ঘরে অন্য কারও বুটের আওয়াজ না।
হ্যাঁ বাপ, এই তো আমি এখানেই,
এই তো তোকে জড়িয়ে ধরে আছি।
ভয় পাস্ নে।
দাবা খেলার কথা মনে আছে তোর?
মনে আছে সেই যে আমরা লুকোচুরি খেলতাম?
তোর মা তোকে যে গানটা গেয়ে শোনাত, মনে পড়ে?
চল, দুজনে মিলে ওই গানটা গাই।
মা কিন্তু এখনও আমাদের সাথেই আছে, বুঝলি?
তবে তোকে গাইতে হবে কোন আওয়াজ না করে, একদম চুপিচুপি।
মা শুনলে, ভারী খুশি হবে।
না বাপ, ওগুলো কিন্তু মিলিটারি বুটের শব্দ না।
গা রে সোনা, গা।
মনে মনে, আরও জোরে গা।
ওগুলো কোন বুটের আওয়াজ না।
আয় তোকে জড়িয়ে ধরে দেখাই, তুই যখন প্রথম আমার কোলে এলি, তোর বাপ কীভাবে কেঁদেছিল!
ওগুলো বুটের শব্দ না রে বাপ।
ওগুলো কোন সাইরেন না।
ওগুলো সত‍্যিই আগুন না, সোনাই!
চোখ দু’টো বুজে ফ‍্যাল বাপ, কিচ্ছু হবে না।
একদম দাবার মতো।
আমাদের লুকোচুরি খেলার মতো।
এই খেলাটা শেষ হলেই তুই পেয়ে যাবি একদম নতুন, সুন্দর আরো একটা জীবন।

শীর্ষেন্দু নন্দী

সিডনিভিত্তিক কবি, গীতিকার, সুরকার এবং আবৃত্তিশিল্পী ও মঞ্চভাবনাসংশ্লিষ্ট সাংস্কৃতিক কর্মী। কবিতা, নাট্যপ্রযোজনা, আলো ও মঞ্চনকশা এবং সম্পাদনা-সহযোগিতার মধ্য দিয়ে তিনি বাংলা সাহিত্য ও সংস্কৃতিচর্চায় সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। পাশাপাশি তিনি সিডনির Horizon Theatre Company-এর Creative Designer হিসেবেও যুক্ত আছেন। ‘কবিতা বিকেল’সহ বিভিন্ন সাংস্কৃতিক উদ্যোগে তাঁর সৃজনশীল সম্পৃক্ততা তাঁকে প্রবাসী বাংলা সংস্কৃতির বহুমাত্রিক এক কর্মী হিসেবে পরিচিত লাভ করেছে।

দুই দশকেরও বেশি সময় ধরে শীর্ষেন্দু প্রবাসী বাংলা শিল্প ও সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয়। অস্ট্রেলিয়ায় তিনি Sydney Bangla Festival-সহ সিডনির বিভিন্ন সংগীত, কবিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

Facebook Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top