সৈকত হাবিবের একগুচ্ছ কণাকবিতা

১.
বুদ্ধের ছিল না কোনো
ঘরবাড়ি
এখন পৃথিবীজুড়ে তাঁর
লাখো বাড়ি
কোটি কোটি ঘর

২.
বিভূতিভূষণ
নিজেই নিজের মৃত্যু দেখেছিলেন
কারণ তিনি তো জীবন জেনেছিলেন

৩.
রুমী নিজেই
এক ফোঁটা জলে সমুদ্রসমগ্র
তাই আজও চিরপ্রবাহিত

৪ .
মানুষ একদিন
মঙ্গলে যাবে
কাঁধে করে
অমঙ্গল বয়ে
৫.
বুদ্ধ এক পরম জীবনগ্রন্থ
উন্মোচন করতে পারলে
তুমি নিজেও বুদ্ধ
৬.
জীবন আশ্চর্য গভীর
এক গ্রন্থ
তুমি তার পাঠক ও প্রণেতা
৭.
সবচে সুখী দম্পতিটিও
কখনো কখনো
গভীর অসুখী
৮.
জীবন এক
পাঠশালা ও পানশালা
তোমাকে করে
জ্ঞানী ও মাতাল

৯.
জ্ঞান এক ভ্রম
জীবন এক তরু
সত্যের পথ তাই
বড় বেশি সরু

১০
গান এক গভীর গণিত
যদিও তা ভুলিয়ে দেয়
সকল হিসাব

 

সৈকত হাবিব

১৯৭২ সালের ৬ ফেব্রুয়ারি কুমিল্লার দাউদকান্দিতে তিতাস ও গোমতী নদীর তীরে সহজ-সবুজ প্রকৃতির সান্নিধ্যে বেড়ে ওঠা সৈকত হাবিব নব্বইয়ের দশকের শুরুতে সাহিত্যচর্চা শুরু করেন। কবিতা ও গদ্য—উভয় মাধ্যমেই সমান শক্তিমান এই ব্যক্তিত্ব একাধারে সৃজনশীলতা, সাংগঠনিকতা ও সাংবাদিকতায় অত্যন্ত সক্রিয় ভূমিকা রেখেছেন।

৯০-এর দশকে বিশুদ্ধ ছোটকাগজ চর্চায় বিস্তৃত অবদান রাখার পাশাপাশি ১৯৯৩ সালে তাঁর প্রতিষ্ঠিত ছোটকাগজ ‘প্রতিশিল্প’ দেশের ছোটকাগজ আন্দোলনে এক ব্যতিক্রমী ও সাহসী উদাহরণ সৃষ্টি করে এবং সেসময় অন্যান্য ছোটকাগজের সৃষ্টি ও বিকাশেও তাঁর প্রত্যক্ষ-পরোক্ষ ভূমিকা ছিল।

প্রায় দুই যুগ ধরে দেশের প্রধান সংবাদপত্রের সাথে যুক্ত ও লেখালেখি করলেও তিনি অত্যন্ত প্রচারবিমুখ—লেখেন অল্প, প্রকাশ করেন তার চেয়েও কম। কবিতার বাইরে প্রধানত জীবনানন্দের সৃষ্টিজগৎ ও বিশ শতকের কবিতায় আগ্রহী এই লেখকের বহু কবিতা, প্রবন্ধ, শিল্প-সাহিত্য সমালোচনা, রাজনৈতিক নিবন্ধ ও কলাম দেশ-বিদেশের নানা পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে।

Facebook Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top