দুপুর পর্যন্ত শহরের সবচেয়ে বিখ্যাত জায়গা ‘জেমা এল-ফানা’ ঘুরে দেখে, সূর্যের তেজ যখন একটু কমে এলো, আমরা রওনা দিলাম সেই নীলাভ নীল ভিলা সংলগ্ন উদ্ভিদ উদ্যানের উদ্দেশ্যে।
মূল রাস্তা থেকে নেমে ইট বাধানো এক প্রশস্ত গলি পথে হাঁটতে হাঁটতে মনে হলো জায়গাটা একটু অভিজাত তবে সেটা মারাকেশ শহরের স্থাপত্য বৈশিষ্ট্যকে পুরো মাত্রায় স্বীকার করেই। এই শহরের ঐতিহাসিক এবং অনন্য সৌন্দর্য বজায় রাখতে নির্দিষ্ট নিয়মের বাইরে কোন স্থাপত্য নির্মাণ করা যায়না। কোনো নতুন ভবন বা বাড়ির বাইরের দেয়ালে অবশ্যই ঐতিহ্যবাহী লাল বা গোলাপি-লাল রঙ (Terra-cotta) ব্যবহার করতে হবে। লাল বাড়িগুলোর কোন কোনটার বারান্দাতে রয়েছে দৃষ্টি নন্দন, সুসজ্জিত ক্যাফে, দেখলেই মন ভালো হয়ে যায়, মনে হয় ‘জীবনের সব লেনদেন চুকিয়ে দিয়ে’ হাতে শুধু এক কাপ কফি নিয়ে বসে পড়ি এখানে, রাস্তায় পথিকের চলাচল দেখেই কাটিয়ে দিই বাকি সময়টা। সেই যে রুদ্র লিখেছিল, ‘এক কাপ অন্ধকার হাতে নিয়ে একা বসে আছি’- তেমন কিছু একটা। তবে এখানে অন্ধকার নেই একেবারেই, বরং আছে দিনের আলোয় অদ্ভুত সুন্দর এক লাল-নীল জগতের হাতছানি।
শহরের অবস্থান যে অঞ্চলে সেখানকার মাটিতে প্রচুর পরিমাণে আয়রন অক্সাইড বা লোহা রয়েছে, প্রকৃতি গতভাবেই তাই এখানকার মাটির রঙ লালচে বা গোলাপি আভাযুক্ত। ঐতিহাসিকভাবেও এই শহরের বাড়িঘর, দেয়াল ও দুর্গ তৈরিতে স্থানীয় এই লাল মাটি ও কাদা ব্যবহার করে তৈরি বিশেষ এক ধরণের ইট ও প্লাস্টার যাকে বলা হয় ‘তাবিয়া’ সেটা ব্যবহার করা হতো। এই একইরকম প্রাকৃতিক উপাদান ব্যবহার করার কারণেই পুরো শহরজুড়ে তৈরি হয়েছে লাল রঙের এমন আধিপত্য। মারাকেশ তাই ‘রেড সিটি’ বা ‘লাল শহর’ নামেই দুনিয়া জুড়ে পরিচিত। দুপাশে সারি দিয়ে দাঁড়ানো লাল ইটের দোতলা, তিনতলা বাড়িগুলো হাজার বছরের সেই ঐতিহ্যই জানান দিচ্ছে। কয়েকটা বাড়ির নীচতলার বারান্দায় ক্যাফের দেয়ালের কিছু অংশে উজ্জ্বল নীল রঙের প্রলেপ দেয়াতে লাল বাড়ির নীল দেয়ালে এক অন্যরকম দৃশ্যকল্প তৈরী হয়েছে। পৃথিবীতে যত নীল রং দেখেছি, এই নীল রং যেন তার চেয়ে আলাদা, ভীষণ উজ্জ্বল। পরে উদ্যানে ঢুকেও দেখেছি এটাই সেই বিশেষ নীল রং যার ব্যবহারে অনন্য হয়ে উঠেছে এই বাগানবাড়ি, যা দেখতে পৃথিবীর নানা প্রান্তের পর্যটক এসে ঢু দেয় এখানে।

বিখ্যাত প্রাচ্যবাদী চিত্রশিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন ফরাসি চিত্রশিল্পী জ্যাক মেজোরেল (১৮৮৬-১৯৬২)। ১৯১৭ সালের দিকে মরক্কো তখন ফরাসি কলোনী, গুরুতর অসুস্থতার কারনে মেজোরেল এখানে হাওয়া বদল করতে এসে প্রথমে ক্যাসাব্ল্যাংকায় অল্প সময় কাটানোর পর মারাকেশ ভ্রমণ করেন এবং গভীরভাবে এই শহরের প্রেমে পড়েন। এই শহরের দেয়ালে দেয়ালে এবং মানুষের আবাসে জীবনের যে প্রাণবন্ত রঙ খুঁজে পেয়েছিলেন সেটা তাকে চীর জীবনের মতো এই শহরের সাথে অবিচ্ছেদ্য এক বন্ধনে আটকে ফেলে। এ দেশের আদিবাসী বার্বারদের বাড়িঘরে সিরামিক পটারী ও রঙিন টাইলসের ব্যবহার দেখে খুব প্রভাবিত হয়েছিলেন ফরাসি এই শিল্পী। সেই রঙের ব্যবহার থেকে অনুপ্রাণিত হয়েই গাঢ় কোবাল্ট নীল রঙের বিশেষ এক রঙের ব্যবহার শুরু করেন তিনি। ১৯৩৭ সালে তীব্র ও উজ্জ্বল এক ধরণের আল্ট্রামেরিন নীল রঙ তৈরি করেন, যা এখন বিশ্বব্যাপী ‘মেজোরেল ব্লু’ নামে পরিচিত। এই রঙটি তিনি তাঁর ভিলা ও বাগানের দেয়ালে ব্যবহার করেছিলেন। এই নীল রং শিল্পী নিজের নামে পেটেন্টও করে নিয়েছিলেন পরে।
লম্বা খেঁজুর গাছের মতো এক ধরণের পাম গাছ রাস্তা জুড়ে সারি দিয়ে দাঁড়িয়ে। কেমন একটা প্রাচীন আবহ গোটা এলাকা জুড়ে কিন্তু তার মধ্যেই আবার আধুনিকতার ছোঁয়াও মাখামাখি হয়ে আছে। একটা বাড়ির সামনে বেশ লম্বা একটা লাইন এবং ইতস্তত ছড়ানো কিছু মানুষজন দেখেই বোঝা গেল এটাই আমাদের কাংখিত গন্তব্য। লাইনে দাঁড়ানো পর্যটকদের অনেকেই পরে আছে ডেনিম নীল থেকে শুরু করে নীলের নানান শেডের পোষাক, বিশেষ করে তরুণ-তরুণীরা সচেতনভাবেই নীল রঙের জামা কাপড় পরে এসেছে নীল এই বাগান দেখতে, সুন্দর সব ছবি তোলা তার অন্যতম একটি কারণ নিশ্চয়ই। এই জায়গা কিন্তু ইনস্টাগ্রাম শহর নামেও বিখ্যাত, এখানে নান্দনিক ছবি তুলে ইনস্টাগ্রাম পোস্ট করা অবশ্য এক কর্তব্য বলে মনে করা হয়।

পশ্চিম আফ্রিকার দেশ মরক্কোর বিখ্যাত রক্তিম শহর মারাকেশ এ ঘুরতে এসে যেসব জায়গাগুলো সাধারণত পর্যটকরা তাদের ভ্রমণ তালিকায় রাখেন, তার মধ্যে অন্যতম এই মেজোরেল গার্ডেন। দর্শনার্থীর ভীড় এখানে মোটামুটি লেগেই থাকে তাই অনলাইনে আগেই টিকেট কেটে রাখতে হয়, সরাসরি টিকেট কাটার সুযোগ নেই, কোন টিকেট কাউন্টারও নেই। বন্ধু- স্বজন মিলিয়ে আমাদের সাত জনের ভ্রমণদলের সবাই আগেই অনলাইন টিকেট কেটে রেখেছিলাম। লাইনে দাঁড়িয়ে ভেতরে ঢোকার অপেক্ষা কেবল। দুজন মানুষ দাড়িয়ে টিকেট চেক করছে, তারাও পরে আছে নীল রঙের পোষাক। যেন এক নীল সমুদ্রে এসে পড়েছি। লাইনে দাঁড়িয়েই দেখা যাচ্ছে, উজ্জ্বল নীল রং ছাপিয়ে সবুজ গাছপালা দেয়াল বেয়ে গড়িয়ে পড়ছে। খুব বেশি অবশ্য অপেক্ষা করতে হলোনা, মিনিট দশেকের মধ্যে ঢুকে গেলাম জ্যাক মেজোরেলের বাগানে। ঢুকতেই চোখ জুড়ালো সবুজে সুসজ্জিত এক বাগান দেখে- নীল বাড়ি আর সবুজ গাছপালায় মাখামাখি এক আঙিনা। শুধু গাছপালাই নয়, বাড়িটাকে যেরকম শৈল্পিকভাবে গড়ে তোলা হয়েছে তার পুরোটাই এক দেখার ব্যাপার, অনুভবেরও। একজন শিল্পীর স্বপ্নের বাগান, পরিশ্রমের ফসল আজো কত মানুষই না উপভোগ করছে! দেখতে দেখতে মনে হলো, মানুষের স্বপ্ন কত সুন্দর হতে পারে! আমাদের দলের লোকজন যার যার মতো করে বাগান ঘুরে দেখার নেশায় কে কোথায় ছড়িয়ে পড়লো টেরই পেলাম না। নীল রঙের কিছু দেখলে এমনিতেই আমি মুগ্ধ হয়ে যাই তার উপর এমন আস্ত এক নীলের খনি দেখে নীল সেই বাগানে কিছুক্ষণের জন্যে একেবারে যেন হারিয়েই গেলাম।

১৯১৯ সালে জ্যাক মেজোরেল আন্দ্রে লঙ্গুভিলের সাথে বিয়ের বন্ধনে জড়ান এবং বিয়ের চার বছর পর, ১৯২৩ সালে মারাকেশের একটি পাম বাগানের সীমানায় দুই একর জমি কিনে মরক্কোর স্থাপত্য ঐতিহ্য বজায় রেখে নিজের নকশা অনুযায়ী এই বাড়িটি তৈরী করেন যদিও পরবর্তীতে ১৯৩১ সালে স্থপতি পল সিনোইরকে দিয়ে একটি কিউবিস্ট ভিলার নকশা করিয়ে নেন এবং বাড়িটি সেভাবে পরিমার্জিত করেন। প্রথম থেকেই বাসভবনের চারপাশের মাঠে মেজোরেল একটি বাগান তৈরী করা শুরু করেন যা পরে দশ একরে গিয়ে ঠেকে। বাগানটি সুন্দর করে তৈরী করাই তার জীবনের অন্যতম ধ্যানজ্ঞান হয়ে ওঠে এবং প্রায় ত্রিশ বছর ধরে এই বাগানের উন্নয়নে তিনি নিজেকে নিবেদিত করে রেখেছিলেন। নীল রঙের অপূর্ব দৃষ্টিনন্দন এই ভবন এবং পাঁচ মহাদেশ থেকে আনা প্রায় সাড়ে তিনশো প্রজাতির গাছপালার জন্য বিখ্যাত এই মেজোরেল গার্ডেন, ফরাসী ভাষায় যাকে বলে Jardin Majorelle বা মেজোরেলের বাগান।
বাগানের চারদিক দিয়ে লাল মোজাইক করা পথ, একদম আগের দিনে আমাদের শহরের বাড়িগুলোর সেই লাল মেঝের মতো; সেই পথ চলে গিয়েছে বাগানের নানান দিকে। গাছের ছায়ায় শীতল সেই মেঝের উপর দিয়ে হেঁটে হেঁটে বিশাল এই বাগান ঘুরে সমৃদ্ধ সংগ্রহ দেখে শেষ করা যায়না আর সৌন্দর্যের কথা তো বলাই বাহুল্য, ‘ফুলের বনে যার কাছে যাই, তারেই লাগে ভালো।
এই বাগানের সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো এর বিশাল বড় বড় ক্যাকটাসের সংগ্রহ। এখানে নাকি প্রায় আঠারোশো প্রজাতির ক্যাকটাস রয়েছে! কি সাংঘাতিক, সব দেখেও তো শেষ করতে পারবোনা বলে মনে হলো। বাগানের এক প্রান্তে গেলে ঘন এক বাঁশঝাড়ের দেখা মেলে সেই ছায়ায় গিয়ে দাঁড়ালে মনে হয় শীতকালের রোদে রোদ পোহাতে বসলাম। হাজারের বেশি অনন্য পাম গাছের মধ্যে গিয়ে দাঁড়ালে মনে হয় মরূদ্যানে দাঁড়িয়ে আছি। রয়েছে স্থানীয় এবং ঐতিহ্যবাহী নানা প্রজাতির খেজুর গাছ। নারকেল গাছ দেখে তো হা করে খানিকক্ষণ তাকিয়েই রইলাম। কলা গাছও বাদ যায়নি। আরো রয়েছে লম্বা ও চীর সবুজ সাইপ্রেস ও ঝাউ জাতীয় গাছ।। বাড়িটার নীল দেয়ালের কোথাও কোথাও ঝুলে রয়েছে লাল, গোলাপী, বেগুণী বোগেইনভেলিয়ার ঝাড়, হঠাৎ দেখে নিখুঁত চিত্রকর্ম ভেবে ভুল হতে পারে। ফুল বাগানে নানান রঙের গোলাপের সংগ্রহ, সুগন্ধি সাদা জুঁই, নীল অপরাজিতা, রঙিন ক্রান্তীয় জবাসহ আরো কত নাম না জানা ফুলের সমারোহে ‘কাকে রেখে কাকে দেখি,’- অবস্থা!

বাড়ির জানালাগুলো সাদা, হলুদ, নানা রঙে নকশা করা, একটার থেকে একটার রং এবং নকশা আলাদা কিন্তু কোথায় যেন আবার সব এক। মরক্কো জুড়ে বাড়িঘরের স্থাপত্যে নান্দনিকতার যে ছড়াছড়ি এখানেও সেটা বজায় রয়েছে তবে স্বকীয়তায় উজ্জ্বল হয়ে। হাঁটতে হাঁটতে চোখে পড়ে একপাশে ছোট্ট এক জলাধার বা পাড় বাঁধানো পুকুর যেখানে ভেসে আছে পদ্ম ও সাদা, নীল ও গোলাপি রঙের শাপলা।
মেজোরেলের এই বাসভবনটি এখন জাদুঘর হিসেবে ব্যবহার করা হয়। ভিলার মধ্যেই রয়েছে ক্যাফে এবং মেজোরেলের স্টুডিওটি ব্যবহার হচ্ছে বার্বার জাদুঘর হিসেবে। মরক্কোর আদিবাসী বার্বারদের বানানো বিভিন্ন জিনিস শোভা পাচ্ছে গ্যালারীতে বিক্রির জন্য, সে সবের দামও অবশ্য সেই রকম! এক দেড় ঘন্টা সময় যেন দ্ৰুত এক নীল রঙের সমুদ্র ও ঘন সবুজ উদ্যানে সাঁতরেই কাটিয়ে দিলাম।
জ্যাক মেজোরেলের জীবনের শেষের গল্পটা সুখের নয়। বাগানটি পরিচালনা করা একটা পর্যায়ে তার জন্যে খুবই ব্যয়বহুল হয়ে পড়ে সে কারণে ১৯৪৭ সালে রক্ষণাবেক্ষণের খরচ বহন করার জন্য প্রবেশ ফি ধার্য করে বাগানটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেন তিনি, এমনকি এক পর্যায়ে জমির এক অংশও বিক্রি করে দেন। ১৯৫০ সালে স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদের আগ পর্যন্ত এটাই ছিল তাদের বাসস্থান।। এরপর বাগানটি ধীরে ধীরে তার জৌলুস হারিয়ে জরাজীর্ণ হয়ে পড়ে।
বেশ অনেক বছর পরে, আশির দশকে, ফরাসি ফ্যাশন ডিজাইনার ইভ সাঁ লোরেন্ট এবং তার জীবনসঙ্গী ও ব্যবসায়িক ব্যবস্থাপক পিয়েরে বার্জে ভিলাসহ বাগানটি কিনে নেন এবং এর সংস্কার করেন। এই দম্পতি ২০০৮ সাল পর্যন্ত ভিলাটির মালিক ছিলেন। ২০০৮ সালে ইভ সাঁ লোরেন্টের মৃত্যুর পর তার ছাই মেজোরেলের গোলাপ বাগানে ছড়িয়ে দেয়া হয়। এরপর থেকে সম্পত্তিটি ফরাসি অলাভজনক সংস্থা পিয়েরে বার্জে-ইভ সাঁ লোরেন্ট ফাউন্ডেশনের মালিকানাধীন ছিল এবং আরো পরে ২০১১ সাল থেকে মারাকেশের একটি স্বীকৃত অলাভজনক সংস্থা ফাউন্ডেশন জার্ডিন মেজোরেল এটি পরিচালনা করছে। আগেই বলেছি এই জায়গা এখন মারাকেশের অন্যতম জনপ্রিয় এক পর্যটন স্থান এবং প্রতিদিন শত শত পর্যটক মেজোরেল গার্ডেন দেখতে আসেন।

বাগানের বিভিন্ন কোনে বড় বড় উজ্জ্বল রং করা পটারি রাখা রয়েছে, সেগুলোর ভেতরে লাগানো গাছগুলো সৌন্দর্যের আরেক অনন্য সংযোজন। ঘন্টাখানেক ধরে মন ভরে ঘুরে দেখেছি শিল্পী জ্যাক মেজোরেলের স্বপ্নের এই বাগান ও ভিলা। দেখা শেষে ছোট্ট জলাধারটির পাশে বসে সঙ্গীদের জন্যে অপেক্ষা করছিলাম আর ভাবছিলাম, আমাদের দেশেও বিভিন্ন গ্যালারী, ক্যাফে বা রেঁস্তোরাগুলোতে যদি এমন সব রঙিন পটারী, গাছসহ সাজিয়ে রাখা যায় তাহলে তা খুবই দৃষ্টিন্দন হতে পারে এমনকি এগুলোর বহুল ব্যবহার শহরের চেহারায় পাল্টে দিতে পারে। আরো একটা কথাও মনে হলো, আমাদের দেশের বলধা গার্ডেন কি এর থেকে কম সুন্দর? ছোট্ট শাপলা পুকুরের ধারে বসে আমার চোখে ভেসে উঠলো বলধা গার্ডেনের সেই সূর্যঘড়ি সংলগ্ন অপূর্ব সিড়ি আর পাড় বাধানো ঘাট সংলগ্ন পুকুরটা। এখনও পর্যন্ত যা আছে, সেটাকেও যদি আমরা ভালোভাবে রক্ষণাবেক্ষণ করতে পারতাম, দেশবিদেশের পর্যটকে এমনই মুখরিত হয়ে থাকতো আমাদের অপরূপ বলধা গার্ডেন!
ক্ষমা মাহমুদ

গল্পকার ও ভ্রমণ লেখক।
ছাত্রজীবন থেকেই লেখালেখি, সঙ্গীত, ফটোগ্রাফি,, মঞ্চ নাটকসহ শিল্প-সংস্কৃতির নানান শাখায় নিজেকে জড়িয়েছেন, সাহিত্যের প্রতি প্রগাঢ ভালোবাসায় ইংরেজী সাহিত্যে স্নাতকোত্তর শেষ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।
বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক উন্নয়নমূলক সংস্থায় দীর্ঘদিন কাজের সূত্রে বাংলাদেশের বির্স্তীর্ণ অঞ্চল ভ্রমণের মাধ্যমে মানুষের জীবনকে নানাভাবে প্রত্যক্ষ করার সুযোগ মিলেছে। কর্মসূত্রে ছুটে বেড়ানোর সেই বৈচিত্র্যময় অভিজ্ঞতা থেকেই ভ্রমণের সুতীব্র ইচ্ছা আরো ডালপালা মেলেছে।
ভ্রমণ করা এবং ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে লেখা এই সময়ে সবচেয়ে প্রিয় কাজ। বিশ্বাস করেন, রাজনৈতিক উদ্দেশ্যে ভৌগলিক বিভাজন সত্ত্বেও পৃথিবী নামক গ্রহের প্রতিটি স্থানে পা রাখার অধিকার মানুষের জন্মগত।
২০২৩ সালে প্রকাশিত হয়েছে প্রথম গল্পগ্রন্থ, ‘সমুদ্রের কাছে দুঃখ জমা রাখি’।
২০২৬ সালে প্রকাশিত হয়েছে প্রথম ভ্রমণগ্রন্থ ‘কুনাফার শহরে’ ।
