শাহনাজ নাসরীনের কবিতা যুযুধান

যুযুধান—১

এখন যুযুৎসা আকুল তো পরক্ষণেই সংরাগ ব্যকুল
ঋতুচক্রের মতো
চক্রাকারে ফিরে ফিরে আসে আনন্দ-বিষাদ
কলহ কি সেক্স-পুশার?

তবে তোমার কোন হাত নেই তাতে
সব দোষ অন্যদের
তারা কেন অপ্সরা নয়
নয়—ই যখন কামসুত্র তো পড়তে পারে

আর দেবী তো হতেই হবে
চোখ দেখেই বুঝে নেবে অন্তর
অন্তরকে খুশিও করতে হবে
তারপর মাথায় হাত রেখে
ঝটপট ভুলে যেতে হবে সকল অসংগতি

আরও আছে এটাসেটা
আবদারের ঝুড়ি উদরফাটা
টক্সিক জিভ উপচে ওঠা
রূপে চাওয়া দ্রৌপদী স্বভাবে সীতা
ফিরে ফিরে আসে মর্ষকাম
যুযুধান যুযুধান

 

যুযুধান— ২

প্রেমিক মৃত্যু কামনা করছে জেনে ফেলার পর
অভূতপূর্ব যে অনুভূতি, তার উপমা খুঁজছি।
কিন্তু উপমা কোথায় পাবো
এ যে এক নতুন আখ্যান!

প্রতিশোধপ্রবণ জিভের বিষে আমি নীল
তবে কি বেছে নেব অখিণ্ণ মরণ?
নাকি আমিও দেবো কঠিন অভিশাপ?

ঠিকঠাক কিছু ভাবতে পারি না বলে
জীবনটা ভুলভাল লেজেগোবরে করে বসে আছি।

দিকশূন্যহীন যে মোহ নিয়ে আঁকড়ে ধরেছিলাম
তা অক্ষয় করে, যদি ভাসতে পারি লক্ষিন্দরের ভেলায়–
নিপুন একটা কবিতা যদি লেখা যায়
প্রেম ও পূজা সব একাকার করে
নৈর্ব্যাক্তিক, দ্ব্যর্থবোধক, রহস্যময়…

 

যুযুধান— ৩

প্রেম যেন তীক্ষè কাঁটার পাহারায় মোহনীয় এক অধরা
প্রেমের নামে এত সংশয়, হিংসা
শানিত জিভের ত্রাসে মুহুমুর্হু কন্টকিত থাকা
আর রাগের মাশুল গোনা

বলি,অন্তহীন জেরায় খাবি খাওয়া ক্লান্তিকর লাগে
একটু ‘পজ’ চাই
ফলতঃ সমাধির স্তব্ধতা নিয়ে ছিটকে পড়া

আমার ভাষাহীন বুকে গভীর খাদ আর জলের ক্ষরণ
সময়ের দাঁত কামড়ে খায় জীবনের মধু
অথচ আমার কোন ম্যাজিক—অ্যাপ নেই
জলভরা ভুলের দিনে
ফুল ফোটাবার কোন মন্ত্র জানা নেই

ওষ্ঠাগত কথাদের তাই আমি ঘুম পাড়িয়ে দিই
জমে জমে তারা বরং পাথর হোক
লাঞ্ছিত হবার চেয়ে ঢের ভালো নীরবে ক্ষয়ে যাওয়া

 

শাহনাজ নাসরীন

শাহনাজ নাসরীনের জন্ম আষাঢ়ের এক বর্ষণমুখর বিকেলে কুমিল্লায় নানাবাড়িতে। বেড়ে ওঠা ময়নামতির কোল ঘেঁষে কুমিল্লার কোটবাড়িতে। দেয়ালপত্রিকায় ছড়া লেখা দিয়ে লেখালেখির শুরু। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর শেষে চাকুরি, সংসার ও লেখালেখি চলতে থাকে হাত-ধরাধরি করে।

কবিতার বই অসুখী পংক্তিমালা ২০০৩ এ প্রকাশিত হয়। এরপর ভালোবাসার এলিজি ২০০৬, নুন সত্য চিনি সত্য ২০১৫ ও প্রেমের কবিতা ২০১৬তে।

তিনটি গল্পগ্রন্থ -পরাজিত জীবনযাপন(২০০৩) , বামনের দীর্ঘ হাত(২০১২), অপ্রেমের গল্প(২০১৭)
উপন্যাস – দাঁড়ানো সময়ের মাঝামাঝি(২০১৫) ও ব্যক্তিগত রমণীয় সন্ধ্যা (২০২১)
জীবনীগ্রন্থ- নারী সাহসিকা (২০১২), কীর্তিময়ী নারী (২০১৯)
Email: [email protected]

Facebook Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top