যদিও পার্থিব তুমি
আমি জানি আর দেখা হবে না
তার সঙ্গে তাদের সঙ্গেও
তালিকাটি দীর্ঘ
চোখের দেখার মাঝে আরও যারা
দৃষ্টি-ভ্রমের মতো ক্রমে ক্রমে
তারাও অচেনা
চেনা জানা না হলেই ভালো ছিল
আমি জানি তোমার সঙ্গে আর দেখা হবে না
যদিও পার্থিব তুমি তবুও তবুও
চেনাকে জানা হলে কিংবা জানাকে চেনা হলে
সহজেই অপার্থিব হয়ে যায় দেহ
১৪.৭.২০২৬
নতুনের আস্বাদন নেই
দমকা বাতাসে পাতা উল্টে গেল
যা কিছু লেখা ছিল সবটাই এখন আড়াল
নতুন পাতার লেখা পুরানো আদলে
নতুন কথা যেন পুরানো কাসুন্দি
শ্লোগান বদলে গেছে গালি শুধু গালি
উল্টে যাওয়া লতায় পাতায়
নতুনের আস্বাদন নেই
আমরা আছি আমাদের মতো।
১০.৭.২০২৬
আমাদের জীর্ণ শরীরে
আনন্দকে ভাগ করে নিই
যেন তা দ্বিমাত্রিক হয়
একা একা আনন্দ কি পরিতৃপ্ত হয়
পাওয়া কিংবা না পাওয়া
দুই দিকে আনন্দ-সংহার
পরিশ্লেষ যাই হোক অগাধ- নিগাধ এসো
ভাগ করে নিই এই সুষুপ্ত রাত্রি
আমাদের জীর্ণ শরীরে
৩.১.২০২৬
চলতে চলতে
পথের কোনও শেষ নেই
চলতে চলতে যেটুকু দেখা
যেটুকু শেখা
সেটুকুই জীবনের আসল অধ্যায়
চলতে চলতে বন্ধু শত্রু হয়ে যায়
শত্রু বন্ধু
পথের কোনও শেষ নেই বলে
জিগীষার মীমাংসা নেই
২৪.৩.২৬
আমি কে?
আমি কে?
এই প্রশ্নের উত্তর
অতটা সহজ নয়
আমি সাধু নাকি শয়তান
জ্ঞানী নাকি মূর্খ
প্রেমিকের মতোই বিপ্লবী
নাকি সৌন্দর্য হত্যাকারী
শঠ, প্রবঞ্চক নাকি বোকা
আমি কি মানুষ?
নিজেকে চিনতে চিনতে
দুপুর পেরিয়ে বিকেল
সান্ধ্যভাষার মতো
আসন্ন সন্ধ্যায়
প্রশ্নটি এখনো অমীমাংসিত
আমি তবে কে?
৩০.৪.২০২৬
মাহমুদ কামাল

বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর, অবসরপ্রাপ্ত অধ্যাপক, কবি, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও সম্পাদক। কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, ভ্রমণকাহিনি ও স্মৃতিকথাসহ তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা পঞ্চাশেরও বেশি। দীর্ঘদিন ধরে তিনি সাহিত্যসম্পাদনা ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়; বর্তমানে টাঙ্গাইল সাহিত্য সংসদের সভাপতি। সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ও ভারত থেকে অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।
