আবার যদি
যাদের নিয়ে সাঁতার কাটো রোজ
তাদের মুখের আদল বদলে যায়
দুনিয়াসুদ্ধ সবাই জানে আপন
ভিতর থেকে সুবাস কোথায় যায়?
আদরগুলো মুঠোয় কাঁদে একা
কার জন্য ঘুমের ঘোরেও ভাবো?
মিথ্যে দিয়ে যে জামাটি পরো
শরীর তাকে কতটুকুই চায়?
এই আলোতে আর কি হবে গান?
প্রাণের খরা খুব করে আনচান
আবার যদি গ্রামের পরে গ্রাম
আবার যদি ভালোবাসা নাম…
২.৭.২০২৬
মৃতলোকে
সবটুকু বাতাস বের করে ছেড়ে দিয়েছি
এখন মৃত লোকে আকাশ,নদী, বৃক্ষ নেই
পাখি নেই, কচু পাতায় সকাল নেই
হাহাকার নেই, দুঃখ নেই, প্রেম নেই
কেননা হিসেব করে দেখেছি সবটুকু প্রেম
অনেক আগেই দিয়েছি মূলধনে
থরেথরে সাজানো মুখ নিয়েছে সুখ।
একটা রাস্তার মতো চিত হয়ে আছে সময়
যেটুকু জ্যোৎস্না নেমেছে তাকে থেতলে দিয়েছে
ব্যস্ত ট্রেন। দূর থেকে দূরে হারিয়ে যায় চেনা মুখ
৯.৭.২০২৬
আসমা চৌধুরী

কবিতা, গল্প, প্রবন্ধ ও শিশুতোষ সাহিত্যে সমান স্বচ্ছন্দ বিচরণ তাঁর। তিনি বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত গীতিকার। সাহিত্যচর্চার পাশাপাশি গবেষণাতেও তাঁর সক্রিয় উপস্থিতি রয়েছে। তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তাঁর গবেষণার বিষয় ছিল— ‘স্বর্ণকুমারী দেবী, কামিনী রায় ও কুসুমকুমারী দাস: জীবন ও সাহিত্য’।
প্রকাশিত গ্রন্থ : ২৪
