সাখাওয়াত টিপু: জ্যঁ পল সার্ত্রে ও অন্যান্য কবিতা

জ্যঁ পল সার্ত্রে

একটি অবয়বের ভেতর
আরেকটি অবয়ব
একটি প্রাণীর ভেতর
আরেকটি প্রাণী
একটি চিত্রকল্পের ভেতর
আরেকটি চিত্রকল্প
একটা বাস্তবের ভেতর
আরেক বাস্তব
বাস্তবে তোমার উপস্থিতি
শুধু তোমাতেই নাই
আর
জ্যঁ পল সার্ত্রের সাথে একটা গুহায়
দল বেঁধে সারি লাল পিঁপড়া ঘুমায়!

 

ফিলিস্তিন

আলগা হলেই ঝরের বাধন
ঠুমরির পর টপ্পা
হৃদয় নিয়েই খেলছে পাষাণ
উজানে সই টপকা

নাকের ডগায় নাসারার ডাক
রাষ্ট্রসংঘ তবলা বাজায়
মরলে মানুষ কার কিযে হয়
ইন্তিফাদা কই যে ঘুমায়?

মাগো তুমি লাশ হয়ে রোজ
কোনো কবরে খুঁজছো শিশু
দুধের নহর বইছে কোথায়
খুনির মুখেই হাসে যিশু!

লাশ ভেসে যায় অসম্ভবে
ভ্রুণ হত্যায় কাঁপছে ঘর
মুক্তি মানে জিভ কাটা যুগ
রক্তমাখা আরব সাগর!

 

ভিখারির সাধ

ভূতল কেমনে সবে রক্তাভ বেদনা
তোমার গায়ের ছাপ মৃত্যু জলকণা।

ভিখারির সাধ আছে দাঁড়িয়ে মরায়
কে নেবে তাহার ভার দরিদ্র বাংলায়?


হায়! আমাদের এমন সুখের দিন নাই
কথায় কথায় মোরা রবীন্দ্রসঙ্গীত গাই

 

হরিচরণের তলে

এমনও তরো শীতে বেহুদা বাতাস বয়।
বসস্তের কুকিল খালি আসে আর যায়।

ভাবি আলখেল্লা ছিদ্রদর্শী, অর্থ ছন্নময়
ইতিহাস গলি পথে হরি আদব শেখায়।


সংস্কৃত খাতায় গোলাপ ফুটছে কালো
আলালের ঘরের দুলাল
নিশ্চয় আমার চেয়ে ভালো।

 

মা থাকলে আজ বলতেন

মা থাকলে আজ বলতেন:
নে কিছু অর্থ নে, উচ্ছন্নে যা
যা তুই কবি হ
যা তুই ছবি হ
দেয়ালে দেয়ালে ম্যুরালের মতো
মিথ হয়ে থাক!

মা থাকলে আজ বলতেন:
যা তুই মিছিলে
ওড় তুই শঙ্খচিলে
যদি না পারিস রাষ্ট্র বদলাতে
সত্যি সত্যি হয়ে থাক লাশ!

মা নাই এখন
ছিল কি কখনো
সে কথা বলল না কেউ খবরে
মা দেখি কাঁদছে আপন কবরে।

 

সাখাওয়াত টিপু

কবি, প্রাবন্ধিক ও শিল্প সমালোচক। জন্ম চট্টগ্রামের সন্দ্বীপে। এলা হি বরষা তার প্রথম কাব্যগ্রন্থ। প্রকাশিত কাব্যগ্রন্থ আট। তার সর্বশেষ কাব্যগ্রন্থ স্নায়ুযুদ্ধ [২০২২]। ২০২০ সালে প্রকাশিত হয় রাজার কঙ্কাল আর হাইকু সংকলন পাপ পুণ্য। শিল্প সমালোচনার বই নভেরার রূপ প্রকাশিত হয় ২০১৯ সালে। সম্পাদনা করেছেন জাতীয় সাহিত্যচাড়ালনামা, আহমদ ছফা: বাছাই জবাব এবং নির্বাচিত নোবেল বক্তৃতা। অনুবাদগ্রন্থ দুটি—মিলুতিন জুরিকোভিচের ‘যেভাবে যমজ বেড়ে ওঠে’ ও ব্রেন মুজেতিচের ‘বোমার দেশে ঘাসের দেশে’। বাংলার মতোই তাঁর কবিতা সমাদৃত অপর ভাষায়। স্প্যানিশ, ইতালিয়ান, গ্রিক, স্লোভেনিয়ান, সার্বিয়ান, চাইনীজ, ইংরেজিসহ কয়েক এশীয় ভাষায় অনূদিত হয়েছে তাঁর লেখা। নিয়মিত লিখছেন দেশি-বিদেশি সাহিত্য পত্রিকায়। ওয়ার্ল্ড পোয়েট্রি মুভমেন্ট [গ্রিস, ২০১৯], সান সালভাদর ইন্টারন্যাশনাল পোয়েট্রি ফেস্টিভাল [এল সালভাদর, ২০২০], লা লিবেলুলা ভাগা পোয়েট্রি ফেস্টিভাল [স্প্যানিশ-আমেরিকা, ২০২০], রাইট ফোর ওয়ার্ড পোয়েট্রি নাইট [ওয়েলস, ২০২০], কৃত্য ইন্টারন্যাশনাল পোয়েট্রি ফেস্টিভাল [ভারত, ২০২০], আমাদা পোয়েট্রি ফেস্টিভাল [এল সালভাদর, ২০২০] ও পাত্রাস ওয়ার্ল্ড পোয়েট্রি ফেস্টিভালে [গ্রিস, ২০২০] উপস্থাপিত হয়েছে তাঁর কবিতা। তিনি তর্ক বাংলা ও প্রতিধ্বনি পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক।

Facebook Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top