সাবেরা তাবাসসুম: আমার তৃষ্ণা, আমার সমুদ্রপান ও অন্যান্য কবিতা

আমার তৃষ্ণা, আমার সমুদ্রপান

ন্যুব্জদেহে দাঁড়িয়ে যেখানে
পেছনে নরকগামী স্বপ্নসন্ধি
সামনে অহিংস প্রত্যয়
যত দূর দৃষ্টি— অস্বচ্ছ
যত দূর দৃষ্টি— আমার তৃষ্ণা,
আমার সমুদ্রপান
তীরবর্তী আমাদের খেলা
খেলা মানেই কিছু গড়েছি ভেঙেছি
ঘুরে ঘুরে একই অন্তর্বলয়
ন্যূনতম শব্দে তৈরি স্তুতি ও নিন্দা
প্রতিটি শব্দই চিত্রময়
প্রতিটি শব্দই হন্তারক।

 

সংযোগ

আমাকে দাঁড়াতে বলে
চলে গেলে বাইরে
অথবা খুব ভেতরে কোথাও
সংযোগে বেশিক্ষণ থাকতে নেই
বললে ছোট ছোট কথা লিখে
পার পেয়ে যেও না
তোমাকে লিখতে হবে গল্প
পৃথিবীর হারিয়ে যাওয়া
নদী বন পাখি ও মাছের
তাগড়া ঘোড়ায় চেপে
দিতে হবে পাড়ি
হাজার নক্ষত্র ছায়াপথ
আমি মুখ থুবড়ে আছি
যুদ্ধের ময়দানে, চরে
দুর্যোগ রুখতে পড়িমরি ছুটি
বাংকারে, বাথানে বাথানে।

 

প্রেম

দানাপানির শহর,
তুমি ইতস্তত রোদ
তুমি বিব্রত হতবুদ্ধি গ্রাম
সম্পন্ন ফুল ফোটানোর খেলা
সম্পন্ন পাতা ঝরার মঞ্চায়ন
তুমি নাভিশ্বাস— ফোবিয়া ফোবিয়া
তুমি একটা ঘষা কাচের দেয়াল
দানাপানির শহর,
আমাদের পরস্পরের নোংরা ঘাঁটা শেষ
আমাদের প্রেম ডাকটিকিট অ্যালবাম
তুমি চিরকাল অসম বন্টন
তুমি অজস্র ডিনার টেবিল-জোকস
এই যে তোমার সাথে আড়ি
এই যে তোমার সাথে ভাব
তুমি অ্যাসাইলাম ফেরত সাদামাথা
তুমি বৃষ্টিকাদার সহোদরা রাতভর
দানাপানির শহর,
দেখো, নড়বড়ে সাঁকো
তিল তিল জমে থাকা অলীক মানুষ
আমাদের তবু কথার অবসর
কথার ফাঁকে বৃষ্টি নেমে আসে
বৃষ্টি আসে, বৃষ্টি চলেও যায়।

 

একটি সপ্তাহে

একটি সপ্তাহে পৃথিবী হারিয়েছে
তাঁর দুজন আঁভা গার্দ শিল্পী
প্রায় লাখ খানেক উদ্বাস্তু
হাজার ছুঁই ছুঁই বানভাসী আর
আদিম মানুষ—দাম যাদের
আঙুরবাগানের চেয়ে কম শতগুণ
মাচা বেঁধে শিকারের দিন
ফুরায় না কখনও
ধোপদুরস্ত শিকার সংঘে
মশাল মুখোশ আর রাত
চতুর, পটু— একটু সহনীয়
মুখোশের আছে কিছু মুখ
ঢাকা প’ড়ে বিবিধ ছত্রাকে
ছত্রাক আমাকে নরম কাপড়ে,
তেলে-জলে ঘষে ঘষে যত্ন শেখায়
মাথা গুণে দেখার কিছু নেই
সংখ্যা উপেক্ষা করতে পারো
একটি মাত্র সপ্তাহে
মর্গে মর্গে উপচে পড়ছে লাশ।

 

দরোজায়

আঙুল তখনও ডোবানো
মহৎ বইয়ের পাতায়
কাঁকালে লুকানো মধুখঞ্জর
চোখ চলে গেছে মোহরের পিঠে
ঘাড়ে চেপে, স্বর্গ সমান দূর
খুন শেষে নিপুণ হাত মুছে নেয়
সকল আলামত
নিকষে ঝরে পড়ছে লালা
রমণে, রণকৌশলে
ছিঁটেফোঁটা ঢাকতে ব্যর্থ তবু
হবে তো একবার
আমিও কান পাতি দেয়ালে দেয়ালে
অমূল্য মুক্তা যতো— নীরব দর্শক
মখমলে নিদ্রা যাই
ঝন ঝন মুদ্রাবাজারে সকলই শোভন
নরকের তিনটি দরজায়
কড়া নেড়ে বলি—
আমাকে পিষে মারো লোভ
আমাকে শুষে নাও ক্রোধ
আমাকে ঠুকরে খাও বাসনা।

 

 

সাবেরা তাবাসসুম

পিতা মোঃ সাইদুল হক ভুইয়ার হাত ধরেই কবিতার সাথে আজন্ম সখ্য। কবিতা, অনুবাদ,
প্রবন্ধ/নিবন্ধ, সংগীত, সিনেমা ও চিত্রকলা নিয়েই তার সৃষ্টিশীল জগৎ। এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের
সংখ্যা সতের। চৌদ্দটি মৌলিক কবিতাগ্রন্থ এবং তিনটি অনুবাদগ্রন্থ।

 

Facebook Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top